ভারতে আটকে পড়া দক্ষিণ আফ্রিকা দল অবশেষে দেশে ফিরছে
আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় আটকে পড়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অবশেষে বুধবার থেকে দেশের পথে রওনা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দলটির সব সদস্য ভারত ছেড়ে যাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ হওয়ার বেশ কিছুদিন হয়ে গেলেও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে আটকে পড়েছে। আইসিসি তাদেরকে চার্টার্ড ফ্লাইটে (কোনো এয়ারলাইন্সের নিয়মিত সময়সূচির বাইরে সম্পূর্ণ বিমান ভাড়া করা) নিজ নিজ দেশে ফেরানোর চেষ্টা করলেও তা সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
তবে দক্ষিণ আফ্রিকার মতো সেমিফাইনালে হারলেও এর দুদিন পরই ইংল্যান্ড দল দেশে ফিরে গেছে। ওই ঘটনার পর আইসিসির ওপর ক্ষোভ উগরে দেয় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শিবির।
বুধবার এক বিবৃতিতে আইসিসি অবশ্য তাদের প্রতি এই সমালোচনাকে 'ভুল' হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রোটিয়াদের ফেরার বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করেছে। বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, 'বর্তমান সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল আজ রাত থেকেই দেশের উদ্দেশে রওনা দেওয়া শুরু করবে। আশা করা হচ্ছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দলের সব সদস্যই ভারতের মাটি ত্যাগ করবেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'নিরাপত্তা, বাস্তবতা ও খেলোয়াড়দের কল্যাণ ছাড়া অন্য কোনো কারণে (দলগুলোকে ভারতে রেখে দেওয়ার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— এমন দাবি আইসিসি প্রত্যাখ্যান করছে। পুরো সময়ে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও ভালো থাকা নিশ্চিত করা। যাতায়াত ব্যবস্থাটি সম্পূর্ণ নিরাপদ কি না, সে ব্যাপারে নিশ্চিত না হয়ে আমরা কাউকে পাঠাব না এবং এই প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।'
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইটে তিনটি আলাদা দলে ভাগ করে তারা তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেশে ফেরার ব্যবস্থা করেছে।