ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

শনিবার মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই খবর দিয়েছেন। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার পথে বিপত্তিতে পড়েছেন তিনি। ফ্লাইট বাতিল হওয়ায় আরও অনেক যাত্রীর মতো তিনিও এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

মুশফিক তার পোস্টে লিখেছেন, 'আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালনের জন্য আমি মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ওমরাহ শেষ হয়েছে এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্স) বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।'

অভিজ্ঞ এই তারকা আরও লিখেছেন, 'আমি এখন হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। মহান আল্লাহই ভালো জানেন আমি এবং অন্যান্য বাংলাদেশিরা কখন ও কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়াপ্রার্থী।'

সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে, বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি রয়েছে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধাবস্থার ফলে বিমান চলাচলের ক্ষেত্রে তৈরি হয়েছে তীব্র নিরাপত্তা সংকট। এমন অবস্থায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।