আইসিসির মাস সেরা বাংলাদেশের সোবহানা মুশতারি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পার করতে বড় ভূমিকা রাখেন সোবহানা মুশতারি। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের ফল পেলেন তিনি। আইসিসি জানুয়ারি মাসের  নারী প্লেয়ার অফ দ্য মান্থ' হয়েছেন এই ক্রিকেটার।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে ব্যাটে ঝড় তুলে তিনি এই খেতাব নিজের করে নিয়েছেন। এই দৌড়ে তার সঙ্গে লড়াইয়ে ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং আমেরিকার বামহাতি পেসার তারা নরিস। তবে সবাইকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন বাংলাদেশের এই তারকা ব্যাটার।

গেল মাসে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ারে মুশতারির ব্যাট ছিল সচল। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেট ও ৪৫.৮০ গড়ে তিনি সংগ্রহ করেন ২২৯ রান। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের অপরাজিত থাকার পেছনে তার এই বিধ্বংসী ব্যাটিং ছিল অন্যতম চাবিকাঠি।

জুন ও জুলাই মাসে অনুষ্ঠেয় মূল আসরের টিকিট নিশ্চিত করার পথে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে মুশতারি ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন, যা ছিল টুর্নামেন্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের আরও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।