‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ (বল টেম্পারিং) কেলেঙ্কারির পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে ফিরছে অস্ট্রেলিয়া। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ।

আট বছর আগের কেপটাউন টেস্টের সেই ন্যাক্কারজনক ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ খেললেও কোনো টেস্ট সিরিজ খেলতে যায়নি অস্ট্রেলিয়া। ওই বিতর্কিত কাণ্ডের জেরে তৎকালীন অজিদের অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে হয়েছিল।

ওয়ার্নার ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর ব্যানক্রফট গত ছয় বছরে কোনো টেস্ট খেলেননি। তবে স্মিথ এখনও অস্ট্রেলিয়ান টেস্ট দলের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে টিকে আছেন।

নিউল্যান্ডস টেস্টের তৃতীয় দিনে যখন টেলিভিশন ক্যামেরায় ব্যানক্রফটকে বলের ওপর শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ঘষতে দেখা যায়, তখন স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ওই ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় স্মিথকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে দুই বছরের জন্য যে কোনো ধরনের নেতৃত্বদানকারী ভূমিকা থেকে তাকে নিষিদ্ধ করা হয়।

সেই বল টেম্পারিংয়ের মূল কারিগর হিসেবে বিবেচিত ওয়ার্নারকে আজীবনের জন্য অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে নিষিদ্ধ করা হয়। অবশ্য ওই সিদ্ধান্ত ২০২৪ সালে তুলে নেওয়া হয়।

২০১৮ সালের সেই কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩২২ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। পাশাপাশি তারা বহুল আলোচিত সিরিজটি ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল।

আসন্ন সফরে টেস্ট সিরিজ শুরুর আগে সেপ্টেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ৯ অক্টোবর ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টটি ১৮ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে গেবেখায়। আর কেপটাউনে শেষ টেস্ট মাঠে গড়াবে ২৭ অক্টোবর।