হতাশার বিশ্বকাপ, শেষ ম্যাচে মুখরক্ষা চাই অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। তবে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে আর কোনো অঘটন ঘটতে দিতে চায় না তারা। দলটি “ভেঙে পড়া” মানসিক অবস্থায় থাকলেও বিব্রতকর হার এড়াতে পুরো মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

শুক্রবার ক্যান্ডিতে ওমানের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, দলটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গভীরভাবে হতাশ। এবারের আসরে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া, হারতে হয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে।

ম্যাকডোনাল্ড বলেন, “দলটা ভীষণ ভেঙে পড়েছে, এটা বলাই যায়। সাধারণত এই পর্যায়ে আমরা টিকে থাকি, কিন্তু এবার তা হয়নি। নিজেদের কারণেই আমরা এই অবস্থায় পড়েছি। এখন অন্তত ওমানের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নিয়ে কাজটা শেষ করতে চাই।”

বিশ্বর‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা ওমানের কাছে হারলে সেটি হবে অস্ট্রেলিয়ার জন্য লজ্জার বিষয়। তাই অনুপ্রেরণার কোনো ঘাটতি থাকবে না বলেই জানান কোচ। তার ভাষায়, “বিশ্বকাপে আমাদের আর একটি ম্যাচ বাকি, সেটিতেই পুরো মনোযোগ।”

এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার এক অস্থির বিশ্বকাপ অভিযান। শ্রীলঙ্কায় আসার আগেই পাকিস্তান সফরে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হয় তারা। সঙ্গে চোটের কারণে অনুপস্থিত ছিলেন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।

এরপর অনুশীলনে আঘাত পেয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক মিচেল মার্শ। পুরো টুর্নামেন্ট জুড়েই পারফরম্যান্স ছিল হতাশাজনক।

দলের নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে তীব্রভাবে। ফর্মহীন ক্যামেরন গ্রিনকে দলে রাখা এবং দীর্ঘদিন না খেলা সত্ত্বেও টিম ডেভিডকে চার নম্বরে “পাওয়ার হিটার” হিসেবে পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেওয়া গ্লেন ম্যাক্সওয়েলও এবার রান খরায় ভুগছেন।

প্রথম দুই ম্যাচে দলের সর্বোচ্চ রান করা ম্যাট রেনশোকে শ্রীলঙ্কার বিপক্ষে হঠাৎ বাদ দেওয়াও বিস্ময় তৈরি করে।

দলের বাইরে রাখা হয় অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে, যদিও বিগ ব্যাশে তিনি দারুণ ফর্মে ছিলেন। পরে তাকে স্কোয়াডে আনা হলেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি।

সেই ম্যাচে স্মিথ ও রেনশো ছাড়া অস্ট্রেলিয়া ১৬০/৪ থেকে ধসে ১৮১ রানে অলআউট হয়ে যায় এবং আট উইকেটে হারে।

নির্বাচন নিয়ে সমালোচনা প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, “বাইরের মানুষের মতামত থাকতেই পারে। অনেক সময় তারা ভেতরের পরিস্থিতি জানে না। আমরা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারিনি, তাই সমালোচনাও স্বাভাবিক।”

অস্ট্রেলিয়ার আশা শেষ হয়ে যায় যখন পরদিন আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবুয়ে পরের পর্বে উঠে যায়।

ম্যাকডোনাল্ড বলেন, “এখন সামনে শুধু ওমান ম্যাচ। আমাদের মানসিকভাবে ঠিক হতে হবে। টুর্নামেন্ট শেষে দেশে ফেরার পরই পুরো বিষয়টি বিশ্লেষণ করার সময় আসবে।”