এপ্রিলে বসছে নারী বিপিএলের উদ্বোধনী আসর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, নারী ক্রিকেটারদের নিয়ে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিসিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'উদ্বোধনী আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে, যেখানে জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভাদের সমন্বয় ঘটবে। দলের ভারসাম্য, শক্তি ও গভীরতা নিশ্চিত করতে ড্রাফট পদ্ধতির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা হবে।'
সেখানে যোগ করা হয়েছে, 'ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড়দেরও দলে নিতে পারবে, যা আন্তর্জাতিক অংশগ্রহণ ও বিশ্বজুড়ে পরিচিতি বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতার মানকেও উন্নত করবে।'
বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলাকে ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের যাবতীয় সাংগঠনিক বিষয়গুলো এই কাউন্সিল তদারকি করবে। বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, টুর্নামেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে যথা সময়ে জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর পুরুষদের বিপিএল নিলামের উদ্বোধনী ভাষণে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই নারী বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে বলেছেন, নারী বিপিএলের উদ্বোধনী আসরের দল চূড়ান্ত করার ক্ষেত্রে পুরুষ বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে, 'স্বভাবতই আমরা তাদেরকে অগ্রাধিকার দেব। আমরা তিনটি ফ্র্যাঞ্চাইজি খুঁজছি এবং তারা যদি আগ্রহী হয়, তবে তারাই দলগুলো নেবে।'
তিনি যোগ করেন, পুরুষ বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বর্তমান মালিকদের কাছ থেকে যদি তিনটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা না যায়, তাহলে বিসিবি বিকল্প উপায় বা নতুন বিনিয়োগকারী খুঁজবে।
টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী দল। এরপর টাইগ্রেসরা উড়াল দেবে ইংল্যান্ড ও ওয়েলসের উদ্দেশ্যে। সেখানে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।