উইকেট নিয়ে ‘ওপেন মাইন্ডে’ থাকবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সকালে অনুশীলনের আগে কোচকে নিয়ে উইকেট দেখে আলাপ সারছিলেন সাকিব আল হাসান, দুপুরে আফগানিস্তান অনুশীলনে নেমেই গেল উইকেট দেখতে। রশিদ খান তো উইকেটে খানিকটা গড়াগড়িও খেয়ে নিলেন। বিকেলে এক পশলা বৃষ্টির পর কাভার সরিয়ে প্রধান কিউরেটরকে দেখা গেল বল করে উইকেটে বাউন্স পরীক্ষা করছেন। কেমন হচ্ছে চট্টগ্রামের উইকেট এই নিয়ে আছে আলোচনা, আছে দ্বিধা-ধন্দ। কিন্তু বাংলাদেশ অধিনায়কের সেসব চিন্তাই না-কি নেই। কারণ সব রকমের উইকেটের প্রস্তুতিই নিয়ে রাখছেন তিনি।

চট্টগ্রাম টেস্ট কয়দিন গড়াবে? সংবাদ সম্মেলন শেষ হতে আফগান অধিনায়ক রশিদ খানকে করা হয়েছিল এমন প্রশ্ন। হেসে তিনি জবাব দেন, ‘পাঁচ দিন’। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের মাঝেও ‘পলকা বৃষ্টি’ হওয়ার সম্ভাবনা আছে। তা যদিও হয়-ও, তবে টেস্ট পাঁচ দিনে যাওয়া বেশ শক্ত।

_F758268.jpg

উইকেট দেখে দুদলের অনুশীলন, কথাবার্তা ধারণা দিচ্ছিল চিরায়ত টার্নিং উইকেটই পাচ্ছে চট্টগ্রাম। অনভিজ্ঞ আফগানিস্তান আর টেস্টে কখনোই পরিণত-বোধ নিয়ে না খেলা বাংলাদেশ খেলাটা পাঁচ দিনে নিয়ে যাবে, তা কিছুটা অস্বাভাবিকই। দুদলেরই শক্তি স্পিন। উইকেট যদি টার্নিং হয়, কঠিন পরীক্ষায় পড়তে হবে ব্যাটসম্যানদের। বাংলাদেশ অধিনায়ক তো বলেই দিলেন, এই ম্যাচের তফাৎ গড়ে দেবেন ব্যাটসম্যানরাই। উইকেট তাই টার্নিং হওয়ার আভাসই বেশি।

519A1406 - Copy.JPG
উইকেট দেখে দুই কিউরেটরের সঙ্গে আলাপ করছেন সাকিব। ছবি: ফিরোজ আহমেদ

তবে সাকিব জানালেন, উইকেট নিয়ে আগাম কোনো চিন্তায় পোক্ত হতে চান না তারা, খোলা মন নিয়ে মাঠে নেমেই সেভাবে মানিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের, ‘অনেক সময় দেখা যায় যে, চট্টগ্রামে যেমন উইকেট দেখা যায়, তেমন হয় না। আমরা আসলে ওপেন মাইন্ডে আছি। যে ধরনের উইকেটই হবে, চেষ্টা করব সেটার সঙ্গে দ্রুততম সময়ে মানিয়ে নেওয়ার এবং প্রতিপক্ষের চেয়ে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার। সেটি করতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।’