হাটহাজারীতে কিশোরকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌরসভার আলীপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. তানভীর (১৬) মুনশিপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে এবং আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে পৌরসভার পুরোনো কার্যালয়ের সামনে ১০-১৫ জন কিশোর তানভীরের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তানভীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

তানভীরের এক সহপাঠী দ্য ডেইলি স্টারকে জানায়, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ভিডিও করা নিয়ে বিরোধ তৈরি হয়। তানভীর ওই বিরোধ মীমাংসার চেষ্টা করছিল। 

মঙ্গলবার তানভীর ও তার এক বন্ধুকে বিরোধ মেটানোর কথা বলে বিদ্যালয় থেকে প্রায় ৫০০ গজ দূরে ডেকে নেয়া হয় এবং সেখানে তাদের মারধর করা হয়।

জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ডেইলি স্টারকে বলেন, 'হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'