দুই বছরেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে: আফরোজা খানম
আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
আজ বুধবার ঠাকুরগাঁওয়ে পরিদর্শন শেষে বিমানবন্দর এলাকায় এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দর চালু প্রসঙ্গে আফরোজা খানম বলেন, ‘আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবন্ত করতে চাই।’
‘তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। এই বিশ্বাসটুকু রাখেন, যত কম সময়ের মধ্যে চালু করা সম্ভব, সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব,’ বলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু হবে। আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকা যাব।’
জামায়াতের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘একটা দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। জামায়াতকে কখনোই এ দেশের জনগণ ক্ষমতায় আনবে না। কারণ তারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছে।’
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাও-২ ও ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম ও মো. জাহিদুর রহমান জাহিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।