রাজশাহীতে আ. লীগের ব্যানারে ইফতারে আন্দোলনের শপথ, তদন্তে পুলিশ
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখার ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের খবর পাওয়া গেছে।
ওই আয়োজনে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে।
ইফতার আয়োজনের ঘটনাটি কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তারা তদন্ত শুরু করেছে।
ওই ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নিচ্ছেন।
তবে আয়োজনে অংশ নেওয়া কারও চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি ভিডিও দেখে।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, অংশগ্রহণকারীরা রাজশাহী-৩ আসনের কারাবন্দি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ারও শপথ নিচ্ছেন।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার মাহফিলে শপথ নেওয়ার এই ভিডিওটি শেয়ার করেছেন।
এতে দেখা যায়, অনুষ্ঠানে প্রায় ৫০-৬০ জন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনাটি আদৌ রাজশাহীতে ঘটেছে কি না, কারা এর আয়োজন করেছে এবং কখন এটি হয়েছে—তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'