বিছানা ছাড়া ঘুমায় না ১০৪ কেজির ‘নবাব সিরাজউদ্দৌলা’
বিছানা ছাড়া সে ঘুমায় না। খাওয়াদাওয়া থেকে শুরু করে হাঁটাচলাতেও নবাবি ভাব। এ কারণেই ১০৪ কেজি ওজনের এই ছাগলটির নাম রাখা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’। কোরবানির ঈদ সামনে রেখে বিশাল আকারের ছাগলটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হাদিস মিয়ার বাড়িতে।
আজ বুধবার দুপুরে করিমগঞ্জের নিয়ামতপুর হাজিপাড়া মোড়ে হাদিস মিয়ার বাড়ির সামনে গিয়ে দেখা যায়, ছাগলটিকে ঘিরে উৎসুক জনতার ভিড়। আশপাশের এলাকা থেকে অনেকেই একনজর ছাগলটি দেখতে এসেছেন। কেউ কেউ আবার ছাগলটির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলছেন।
হাদিস মিয়া অনেক আদরযত্ন করে ছাগলটি পালন করেছেন। এটি এখন এলাকাবাসীর আকর্ষণের কেন্দ্রে।
খামারি জানান, ‘নবাব সিরাজউদ্দৌলা’র খাবার ও থাকার জায়গা সাধারণ ছাগলের চেয়ে একেবারেই আলাদা। আরামদায়ক বিছানা ছাড়া সে ঘুমাতে চায় না। তার হাঁটাচলা আর আচরণেও আলাদা একটা গাম্ভীর্য আছে।
উপযুক্ত দাম পেলে এবারের ঈদে ‘নবাব সিরাজউদ্দৌলা’কে বিক্রি করতে চান হাদিস মিয়া।