জাল সনদে চাকরি হারানো ১১৪ শিক্ষকের মধ্যে ৬০ জনই কাপাসিয়ার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের ১১৪ মাদ্রাসা শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে মন্ত্রণালয়। তাদের মধ্যে ৬০ জনই গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ছিলেন।

আজ সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার এসব শিক্ষককে সরাসরি চিঠি দিয়েছে। বিষয়টি আমি নিশ্চিত হয়েছি। তবে এখনো সব তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ এক চিঠিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, এনটিআরসিএর যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সনদ জাল প্রমাণিত হওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী তাদের এমপিও সুবিধা বাতিল করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করার পাশাপাশি তাদের মাধ্যমে গৃহীত সরকারি অর্থ আদায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলাও করা হবে।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১১৪ শিক্ষকের মধ্যে ৬০ জনই গাজীপুরের কাপাসিয়া উপজেলার কয়েকটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার ডেইলি স্টারকে বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি যোগদানের পর ভুয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগে কাপাসিয়ায় ১২ জন শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাপাসিয়ার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা রয়েছে। ঈদের পর আরও খোঁজখবর নেওয়া হবে।