হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৮।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৮৬। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ জন।
হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ১০ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ১২৮ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬২২ জন।
একই সময়ে ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।