সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সাব্বির বিন শামস লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার মৃত শামসুল হুদা বকসির ছেলে।
পুলিশ জানায়, সাব্বির আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন।
ওসি নাজমুল হক বলেন, জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক ছিলেন।