মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নে খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রাজা মিয়া (৩৫) খুলনার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা খাটের ওপর শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আটক রাজা মিয়া ওই শিশুটির সৎমামা। তিনি প্রায় ৬ বছর ধরে শিশুটির পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন।
ওসি আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আটক রাজা মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।