খুলনায় ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে খুলনায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেওয়ার সময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, 'জনগণ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ খোঁজে।'
এসময় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি বলেন, 'যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, সংবাদপত্রকে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। সবার আগে দেশকে রাখার ধারণাটি সার্বজনীন অবস্থান হওয়া উচিত।'
অনুষ্ঠানে ঢাকায় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনার ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
এর আগে, চট্টগ্রামে প্রথম বিভাগীয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খুলনার পর বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ডেইলি স্টার।