স্বর্ণ জিতল ডেইলি স্টারের অনুসন্ধানী প্রতিবেদন ‘রামপুরা হত্যাকাণ্ড: বিজিবি কি দায়ী?’
ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ দুই বিভাগে পুরস্কার জিতেছে দ্য ডেইলি স্টার। এই পুরস্কারের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অগ্রসর ও আধুনিক চিন্তার সংবাদমাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টারের অবস্থান আরও দৃঢ় হলো।
শক্তিশালী ভিজুয়াল উপস্থাপনার জন্য ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে সোনা জিতেছে ডেইলি স্টারের অনুসন্ধানী প্রতিবেদন ‘অ্যানাটমি অব বিজিবি শ্যুটিংস ইন রামপুরা’।
অন্যদিকে, ‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল প্রোডাক্ট’ বিভাগে রুপা জিতেছে ডেইলি স্টারের এডটেক ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘কিরণ’।
বুধবার ওয়ান-ইফরা এই ফলাফল ঘোষণা করেছে। এটিকে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হয়।
ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর অ্যা নিউজ ব্র্যান্ড’ বিভাগে সোনা এবং ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে রুপা জিতেছে প্রথম আলো।
ওয়ান-ইফরা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের একটি বড় সংগঠন, যেখানে ১২০টির বেশি দেশের তিন হাজারেরও বেশি মিডিয়া প্রতিষ্ঠান এবং ১৮ হাজারের বেশি প্রকাশনা যুক্ত রয়েছে। তাদের এই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয় সেসব প্রতিষ্ঠানকে, যারা ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে এগিয়ে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংবাদ পরিবেশনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
এ বছরের দক্ষিণ এশিয়া ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসে ডিজিটাল উদ্ভাবন, সৃজনশীলতা ও পাঠকের সম্পৃক্ততার সেরা কাজগুলো তুলে ধরা হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, সংবাদমাধ্যমগুলো কীভাবে প্রযুক্তির সহায়তায় গল্প বলার ধরনকে আরও সমৃদ্ধ করছে।
বিশেষজ্ঞ, সম্পাদক ও শিল্পখাতের নেতারা উদ্ভাবন, পাঠকের ওপর প্রভাব এবং সাংবাদিকতার মান বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করেছেন।
দক্ষিণ এশিয়ার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৫ জুন ভারতের দিল্লিতে ‘ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া-২০২৬’ সম্মেলনের সঙ্গে অনুষ্ঠিত হবে।
ওয়ান-ইফরার (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ সোনা বিজয়ীরা সংস্থাটির বৈশ্বিক আয়োজন ‘ওয়ার্ল্ড ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসে’ চূড়ান্ত ফাইনালিস্ট হিসেবে অংশ নেবে। বিশ্বের ৭৮টি দেশের শীর্ষস্থানীয় ফাইনালিস্টরা ১২টি বিভাগে বৈশ্বিক শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী জুনে ফ্রান্সের মার্সেইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস ২০২৬’-এ চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডেইলি স্টার ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের যৌথ অনুসন্ধান ‘অ্যানাটমি অব বিজিবি শ্যুটিংস ইন রামপুরা’-তে দেখানো হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাষ্ট্রীয় মদদে কীভাবে ঢাকার একটি এলাকা হত্যাকেন্দ্রে পরিণত হয়েছিল।
২০২৫ সালের ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে ২০০টির বেশি ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য দেখে ঘটনাটি কীভাবে ঘটেছিল তা বর্ণনা করা হয়। এতে পোশাক, অস্ত্র এবং সময়–স্থান বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহার করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, ঘটনাস্থলে কী ঘটেছিল এবং নিরাপত্তা বাহিনী কোথায়-কীভাবে অবস্থান করেছিল।
অন্যদিকে, শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম ‘কিরণ’ শিক্ষার্থী, স্নাতক ও তরুণ পেশাজীবীদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করে। ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে ‘কিরণ’ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।