সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে বাংলাদেশের দুই তরুণের সাফল্য
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুই বাংলাদেশি আলোকচিত্রী সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে বিজয়ী হয়েছেন জয় সাহা এবং ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ হয়েছেন জুবায়ের আহমেদ অর্ণব।
গতকাল ১৬ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের ২০০টির বেশি দেশ থেকে চার লাখ ৩০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল।
‘হোমস অব হাওর’
প্রফেশনাল প্রতিযোগিতার ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে সেরা হয়েছেন জয় সাহা। তার আলোকচিত্র সিরিজের নাম ‘দ্য হোমস অব হাওর’। বর্ষাকালে বাংলাদেশের হাওর অঞ্চলে পানির মধ্যে জেগে থাকা লোকালয়ের স্থাপনা ও মানুষের জীবন তার এই সিরিজের উপজীব্য।
এই ক্যাটাগরিতে ব্রাজিল ও চীনের দুজন প্রতিযোগী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। এই বিভাগে বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে সনির তৈরি ছবি তোলার ডিজিটাল সরঞ্জাম দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা লন্ডনে বিশেষজ্ঞ ফটোগ্রাফারদের সঙ্গে বিশেষ একটি সেশনে অংশ নেবেন।
স্টুডেন্ট ফটোগ্রাফার জুবায়ের আহমেদ
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমেদ অর্ণব। তিনি আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাউন্টার ফোটো’র শিক্ষার্থী।
তার তোলা ‘দ্য প্লেস হোয়ার আই ইউজড টু প্লে’ নামক সিরিজটিতে ঢাকার গ্রিন মডেল টাউন এলাকার বদলে যাওয়া দৃশ্যপট তুলে ধরা হয়েছে। দ্রুত নগরায়ণ কীভাবে শহরতলির দৈনন্দিন জীবন ও ভূপ্রকৃতিকে বদলে দিচ্ছে, তা অর্ণবের লেন্সে ধরা পড়েছে।