ধর্ষণ মামলায় কারাগারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

দিনাজপুরের হাকিমপুরে ধর্ষণের অভিযোগে করা মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তানসির রহমান এ আদেশ দেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে নিজ কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিউল ইসলামের বিরুদ্ধে। পরে বিকেলে ওই নারী হাকিমপুর থানায় মামলা করলে রাতে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত শফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি জাকির হোসেন বলেন, আজ সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।