লালমনিরহাটে চাচাদের লাঠির আঘাতে ভাতিজা নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক চাচাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আখতারুজ্জামান (২৮) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাদি জমি ও বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে আখতারুজ্জামানের সঙ্গে তিন চাচা—শাহিনুর রহমান, আব্দুল মতিন ও নুরুজ্জামানের বিরোধ ছিল। গতকাল বৃহস্পতিবার এ বিষয় নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন আখতারুজ্জামান। স্থানীয়রা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আখতারুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
ওসি রমজান আলী বলেন, এ ঘটনায় নিহতের চাচা আব্দুল মতিনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।