ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনায় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়।
সে অনুসারে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তন করতে পারবেন স্পিকার।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।
বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন এসেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য আটটি প্রশ্ন ও অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) ৯৭টি।