বইমেলায় থাকছে না প্যাভিলিয়ন, উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতাদের সহায়তায় এরইমধ্যে প্যাভিলিয়ন পাওয়া প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
অমর একুশে বইমেলার সদস্য সচিব মো. সেলিম রেজার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি যে প্রকাশকরা স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি গতকাল রাত ১০টায় অনুষ্ঠিত হয়।
প্রকাশকরা আজ সোমবার থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।
এর আগে, সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী অমর একুশে বইমেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন।