মন্ত্রিসভার প্রথম বৈঠক বিকেল ৩টায়, সচিব সভা ৪টায়

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সচিব সভা আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিকেল ৩টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠক ও বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রথা অনুযায়ী, আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটি শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে প্রবেশের আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

সচিবালয়ে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করতে পারেন। 

এরপর ৩টায় মন্ত্রিসভার বৈঠক এবং একই সম্মেলন কক্ষে পরবর্তী সচিব সভায় তিনি সভাপতিত্ব করবেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বৈঠকগুলো মূলত পরিচিতিমূলক হলেও এখানে প্রধানমন্ত্রী তার দলের নির্বাচনী ইশতেহারের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন।