রামুতে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১
কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্য পেয়ে দুর্গম পাহাড়ি এলাকায় নুরুল আবছার (৩৭) ওরফে 'ল্যাং আবছার' ও তার সহযোগীদের গ্রেপ্তারে ১০ পদাতিক ডিভিশনের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে সেনা দলের উপস্থিতি টের পেয়ে নুরুল আবছার ও তার সহযোগীরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্দেহভাজনদের আস্তানা ও আশপাশের এলাকা তল্লাশি করা হয়।
তল্লাশিতে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি পিস্তলের আদলে তৈরি ডামি পিস্তল, দুটি একনলা বন্দুক, পিস্তলের ৪৯ রাউন্ড গুলি, রাইফেলের ৬ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি কাটার, স্থানীয়ভাবে 'কিরিচ' নামে পরিচিত দুটি ধারালো অস্ত্র, দুটি বাটন ফোন এবং সন্দেহভাজনদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী।
অভিযান চলাকালে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে অস্ত্রসহ আটক করা হয়। তাকে আবছারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, আবছার হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত এবং একজন পরিচিত মাদক কারবারিও। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা রয়েছে।