রান্নাঘরের মেঝে খুঁড়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ
নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মেঝে খুঁড়ে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আওলাদ হোসেন (৬০)। বাড়ির পাশে একটি গরুর ফার্মের রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। এই ঘটনায় তার ছোট ভাই আবদুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় আওলাদ হোসেনের খোঁজ করেছেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।
স্থানীয়রা জানান, আওলাদ হোসেনের সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী (৪০), মৃত ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, সন্দেহভাজন হিসেবে একজনকে আগে এবং মঙ্গলবার আরও তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা এখনো সব তথ্য পাইনি। সে কারণে আটক ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সম্পত্তির বিরোধ নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’