নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গণপিটুনিতে আসামি আইসিইউতে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। অভিযুক্ত যুবক মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গণপিটুনিতে আহত যুবক ছাড়াও মামলায় আরেকজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন বক্তাবলীর ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
শনিবার সকালে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত যুবক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এদিকে, সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।