জবি শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত কারাগারে

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষক ও তার বাবার ওপর হামলার ঘটনায় করা মামলায় অভিযুক্ত এহসানুর হক মাহিমকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্ত মাহিমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডা ও মাদকসেবন করে আসছিলেন অভিযুক্ত মাহিম। এ বিষয়ে নিষেধ করা হলে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দেন।

গতকাল রাইসুলের বাবা নজরুল ইসলাম (৬৭) অভিযুক্তকে আড্ডা দিতে নিষেধ করেন। এতে  ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন মাহিম। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

রাইসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমার বাবার পকেটে থাকা প্রায় ৬ হাজার টাকা অভিযুক্ত কৌশলে নিয়ে যায়। ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে প্রথমে অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়। পরে গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ মামলাটি গ্রহণ করে।