ফতুল্লায় নিখোঁজের পরদিন মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহত শিশু সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।

প্রাথমিক তথ্যের বরাতে ওসি মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রোববার দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামে ওই শিশু। তার পরিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।’

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’