দিনাজপুরে ৬টি ঘোড়া জবাই, ৩ জনকে এক বছর করে কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছয়টি ঘোড়া জবাইয়ের অপরাধে তিন ব্যক্তির প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নেত্রকোনার ত্রিশ হাজার এলাকার মো. আব্দুল্লাহ, কিশোরগঞ্জের শ্রমিক রবিউল ইসলাম ও রংপুর সদর উপজেলার পিকআপচালক মো. রুবেল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর গ্রামের একটি খামারে অভিযান চালিয়ে পুলিশ ওই জবাইকৃত ঘোড়াগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ওই তিন ব্যক্তিকে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
দ্য ডেইলি স্টারকে ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত খামারে অভিযানে পরিচালনা করে ছয়টি জবাই করা ঘোড়া উদ্ধার এবং তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।’
‘পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, শুনানিতে আটক ব্যক্তিরা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারায় প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়,’ বলেন ইউএনও জিল্লুর।
অভিযান চলাকালে কিছু স্থানীয় ব্যক্তি আটক ব্যক্তিদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
এ সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকছেদুল মোমিনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।