মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ৯

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের হামলায় এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

অভিযানে লাবু মিয়াকে (৪৫) ইয়াবাসহ আটক করার পর ফেরার পথে লাবুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। 

এ সময় তারা লাবুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। 

হামলার ঘটনায় আজ এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় ২টি মামলা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।'