খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শেখ সোহেল (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

সোহেল আটরা এলাকার বাচ্চু শেখের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’

‘সোহেল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় দুটি হত্যা মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে,’ বলেন তিনি।