রাউজানে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাউজানের অলিমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মুজিব ভাণ্ডারী (৬০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, একটি দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

এএসপি বেলায়েত হোসেন বলেন, 'মুজিব ভাণ্ডারী ইফতার শেষে একটি দোকানে বসেছিলেন।

হঠাৎ সশস্ত্র হামলাকারীরা ঘটনাস্থলে এসে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন।'

'পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।