বঙ্গোপসাগরে ‘জলদস্যু’দের গুলিতে আহত ২ জেলে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে বরগুনার পাথরঘাটা উপজেলার দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।   

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার দুই জেলে জলদস্যুদের গুলিতে আহত হয়েছেন। তবে জলদস্যুদের কোন বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

গুলিতে আহতরা হলেন—উপজেলার বড় টেংরা এলাকার নুর আলম খান (৪০) ও বাদুরতলা এলাকার শাহজাহান মিয়া (৩৮)। 

আজ সোমবার সকালে তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. দুলাল মিয়ার মালিকানাধীন ‘এফবি জাহিদ’ ট্রলারটি নিয়ে ১৪ জন জেলে চার-পাঁচদিন দিন আগে সাগরে মাছ ধরতে যান। 

গতকাল রোববার ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে দূর থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

এতে নুর আলম ও শাহজাহান মিয়া গুলিবিদ্ধ হন। দ্রুত ট্রলার ঘুরিয়ে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছান। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কোনো জলদস্যু বাহিনীর সদস্য হতে পারে।

আহত দুজনকে প্রথমে কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আজ তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।