শিশুমৃত্যু রোধে পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

শিশুমৃত্যু রোধে সারা দেশে পরিত্যক্ত গভীর নলকূপের অরক্ষিত গর্তগুলো ভরাট করার যথাযথ উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসাকে তিন মাসের মধ্যে এই নির্দেশ পালন করে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

পরিত্যক্ত নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর বেশ কয়েকটি ঘটনার প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

২০১৪ সালের ডিসেম্বরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় একটি পরিত্যক্ত নলকূপে পড়ে জিহাদ নামে এক শিশু মারা যায়। ২০২৫ সালের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে মৃত্যু হয় সাজিদ নামে এক শিশুর।

২০২৬ সালের জানুয়ারিতে চট্টগ্রামের রাউজান উপজেলায় একই রকম একটি পরিত্যক্ত নলকূপে পড়ে আরও একটি শিশুর মৃত্যু হয়। এসব ঘটনার কথা উল্লেখ করে রিটে উল্লেখ করা হয়।