পাঁচ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে ট্রলারসহ পাঁচ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
গতকাল মঙ্গলবার রাতে ওই জেলেদের তুলে নেওয়া হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বিষয়টি সম্পর্কে তারা খোঁজখবর নিচ্ছেন।
এর দুদিন আগেই ৭৩ জন জেলেকে মুক্তি দেয় আরাকান আর্মি। তাদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা নাগরিক।
ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, সেন্ট মার্টিনস দ্বীপসংলগ্ন জলসীমায় মাছ ধরার পর জেলেরা নাইক্ষ্যংদিয়া এলাকায় ট্রলার নোঙর করেছিলেন।
তিনি বলেন, ‘হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায়।’
আটক জেলেরা হলেন— মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নাজু মিয়ার ছেলে আবুল হোসাইন, মৃত মোকবুল আহমেদের ছেলে আব্বাস (৪০), আবদুল মজিদের ছেলে আবদুল ছাহেদ (১৮) ও মৃত হোসেনের ছেলে ইউনুস (৪০)।
তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বর্তমানে নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ জন জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রথম ধাপে ৭৩ জন জেলেকে ফেরত আনা হলেও আটক বাকি জেলেদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।