বরগুনায় যুবককে পিটিয়ে হত্যা
বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. আবুল বাশার সুজন (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার বিকেলে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এর আগে সকালে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকায় ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। সুজন ওই এলাকার মৃত বজলু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে লেমুয়া এলাকার বাসিন্দা মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে (২০) মারধর করেন সুজন। কালুকে বাঁচাতে তার বড় ভাই রিয়াজ (২৮) এগিয়ে এলে সুজন তার ওপর চড়াও হন। এক পর্যায়ে সুজন রিয়াজকে কুপিয়ে গুরুতর জখম করেন, রিয়াজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সুজনের বাড়িতে গিয়ে সুজনকে মারধর করে। এক পর্যায়ে তারা বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সে সময় সুজনের পরিবারের সদস্যরা নিরাপদে সরে যান। দুপুরে বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ সুজনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবককে পিটিয়ে হত্যা ও তার বাড়িতে হামলা-ভাঙচুরের তথ্য নিশ্চিত করে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বলেন, ‘সেখানে কী ঘটেছিল আমরা জানার চেষ্টা করছি। পুলিশ তদন্ত করছে।’