পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।
আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা একই দিনে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি নাইমা হায়দারের বিষয়ে তদন্ত শুরু করেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন নাইমা হায়দার।
গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানও ব্যক্তিগত কারণ দেখিয়ে কানাডা থেকে পদত্যাগপত্র পাঠান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, একইদিন তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।