কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ দুইজনকে আটক করেছে।
তারা হলেন—ওমর সানি (২৫) ও জসিম উদ্দিন (৪৫)।
আজ বুধবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত যুবকের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে আটজনকে আসামি করা হয়েছে।’
এর আগে গতকাল রাত ১১টার দিকে উপজেলার মালিগাঁও গ্রামে মো. সাঈদ (২৩) নামে ওই যুবক নিহত হন।
সাঈদ ওই গ্রামের মো. আলাউদ্দিন ও সামসুন নাহার দম্পতির সন্তান। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
সূত্র জানিয়েছে, হাঁস চুরির অভিযোগ তুলে কয়েকজন তাকে রড ও হাতুড়ি দিয়ে মারধর করেন। এতে সাঈদ গুরুতর আহত হন। পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে, জানিয়েছে সূত্র।
সাঈদের বাবা-মা গণমাধ্যমকর্মীদের জানান, মালিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রাজ্জাকের একটি হাঁস গতকাল হারিয়ে গিয়েছিল। রাজ্জাকের সন্দেহ, তাদের ছেলে হাঁসটি চুরি করেছে।
তাদের অভিযোগ, ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে রাজ্জাক, তার দুই ছেলে মো. রাব্বী ও মো. জাহিদ এবং তাদের সহযোগী মো. শাওন, ওমর সানি ও জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে সাঈদকে হত্যা করেন।
সামসুল আলম আরও বলেন, আটক ওমর সানি ও জসিম উদ্দিনকে (৪৫) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।