জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো—মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী।

আজ মঙ্গলবার ঘটনা দুটি ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে ইয়ামিন বাড়ির উঠানে খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

অন্যদিকে, বকশীগঞ্জে মা রান্না করার সময় পাশের বিলসংলগ্ন উঠানে চলে যায় দুই বছরের শিশু মোহাম্মদ আলী। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।