টঙ্গীতে আগুনে পুড়ল বস্তির ৬০ ঘর
বস্তিতে আগুন জ্বলছে। ছবি: স্টার
গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় নিশাত মহল্লা বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহীন আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬০ থেকে ৭০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহীন আলম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।