দিনাজপুরে বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
দিনাজপুরের বিরামপুরে থেমে থাকা ট্রাকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।
আজ ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (৫৭) এবং বাসের চালকের সহকারী আজিজুল ইসলাম (২৫)। আজিজুলের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার তেরোমাইল গড়েয়া এলাকায়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে দুজনের মৃত্যু ও ছয় যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’-এর পঞ্চগড়গামী একটি কোচ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর গ্রামে এসে রাস্তার পাশে থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেনের মৃত্যু হয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আরেক যাত্রী রুবিনা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।