ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ১

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোর ছয়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির অন্য একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের সহকারী (হেলপার) ছিটকে পড়ে আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার ট্রাকের কেবিনের ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া সহকারীকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম শওকত বেপারী (২৩)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। আর আহত মো. ইমরান মন্ডলের (২৪) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের এক পাশে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।