পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

​নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার ঢাকা–পাবনা মহাসড়কের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, ঢাকা থেকে পাবনাগামী শাহজাদপুর ট্রাভেলসের বাসের সঙ্গে পাবনা থেকে ঢাকাগামী মাছরাঙা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি বলেন, ‘দুটি বাসের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’

এতে ঘটনাস্থলেই একজন চালক ও একজন সহকারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। 

আহতদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে ২৫ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—শাহজাদপুর ট্রাভেলসের চালক পাবনার বোলারামপুর গ্রামের মো. কামাল হোসেন (৪০); মাছরাঙা পরিবহনের সহকারী শিবরামপুর গ্রামের মেহেদী হাসান (২৮); পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আলেফ উদ্দিন (৩৫) এবং আতঘরিয়া উপজেলার নরজান গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৬)।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আহত অবস্থায় ৩২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬ জনের অবস্থায় গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে রাজশাহীতে নেওয়ার পথে একজন ও পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান বলেও জানান এ চিকিৎসক।