বাংলা একাডেমিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু
'মুসলিম সাহিত্য সমাজ' ও 'শিখা' পত্রিকার শতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে আন্তর্জাতিক কনফারেন্স ২০২৬।
১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কনফারেন্স। দেশ-বিদেশের প্রাবন্ধিকরা ২১টি সেশনে ১০৯টি নির্বাচিত প্রবন্ধ উপস্থাপন করবেন।
জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ, আবুল হুসেনের নেতৃত্বে কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ এবং অন্যান্য তরুণ প্রগতিশীল চিন্তাবিদদের হাত ধরে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়।
২০২৬ সালে সংগঠনটি তার প্রতিষ্ঠার ১০০ বছর বা শতবর্ষ পূর্ণ করছে। সংগঠনের মূল স্লোগান ছিল— 'বুদ্ধির মুক্তি'। তারা অন্ধ বিশ্বাস ও কুসংস্কারমুক্ত একটি আধুনিক সমাজ গড়ার ডাক দিয়েছিলেন।
সংগঠনের বার্ষিক মুখপত্র ছিল 'শিখা' পত্রিকা, যার শীর্ষে লেখা থাকত: 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'
মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উপলক্ষে ১৯ জানুয়ারি দ্য ডেইলি স্টার ইতিহাস আড্ডার আয়োজনে এক আলোচনার পরিকল্পনা করেছে।
'বুদ্ধির মুক্তির মুক্তি কতদূর' শীর্ষক আয়োজনে কথা বলবেন, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক গবেষক ও অধ্যাপক ওয়াকিল আহমেদ, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেশ চক্রবর্তী, অধ্যাপক মোরশেদ শফিউল হাসান ও ড. কাজল রশীদ শাহীন।