স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্টার অনলাইন ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। কতৃপক্ষের ভাষ্য, গত এক দশকের মধ্য এটাও দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সর্বশেষ ২০১৩ সালে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে কম্পোস্তেলায় একটি ট্রেন লাইনচ্যুত হলে ৮০ জন নিহত হন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্দোবা শহরের কাছে আদামুজ নামের একটি এলাকার কাছেই এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে উঠে যায়।

লাইনচ্যুত ট্রেনটির সঙ্গে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার পুলিশ ২১ জন নিহতের তথ্য দিয়েছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আরও ১২৩ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আর আরও ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।

পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানান, রেলপথের একটি 'সোজা' অংশে এই দুর্ঘটনা ঘটে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। ছবি: এএফপি
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। ছবি: এএফপি

মন্ত্রী জানান, লাইনচ্যুত হওয়া প্রথম ট্রেনটি 'একেবারে নতুনের মতো'। যার ফলে এটি একটি 'অত্যন্ত অদ্ভুত দুর্ঘটনা'

'রেল বিশেষজ্ঞরা এই দুর্ঘটনায় বিস্মিত হয়েছেন। এটি খুবই বিচিত্র এবং এর কোনো ব্যাখা খুঁজে পাওয়া যাচ্ছে না', যোগ করেন তিনি

মালাগা-মাদ্রিদ রুটের ট্রেনটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ইরিয়ো।

দুর্ঘটনাকবলিত দ্বিতীয় ট্রেনের পরিচালনার দায়িত্বে ছিল রেনফে। ওই ট্রেনে যাত্রীর সংখ্যা জানায়নি রেনফে।

স্পেনে ইউরোপের সবচেয়ে দ্রুতগতির রেল নেটওয়ার্কের অবস্থান। মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগার মতো বড় শহরগুলোর মধ্যে তিন হাজার কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে।