‘প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সে ক্ষেত্রে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে কাৎজ এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
তিনি বলেন, ‘আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং হুমকি নির্মূলে ইরানে আবার হামলা চালানোর লক্ষ্যে যুদ্ধ পুনরায় শুরুর জন্য সেনাবাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে। প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের আবার ফিরতে হয়, আমরা ফিরব এবং আরও বেশি শক্তি নিয়ে ফিরব।’
গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্র পূর্ব ইরানের শহর ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার ও বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহরে হামলা চালায়।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান যেন বাধা দিতে না পারে, সেজন্য তাদের সামরিক শক্তি কমিয়ে আনাই এই হামলার লক্ষ্য।