ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো নিখোঁজ ৫০ হাজারের বেশি, বাড়ছে মৃতের সংখ্যা

স্টার অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ আছেন।

জাতিসংঘ ত্রাণ প্রধানের বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলমান। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে তাদের তৎপরতা শুরু করেছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে।

তবে জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচারের মতে, এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে। তিনি বলেন, 'এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ আছেন। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালানো এক দুরূহ কর্মযজ্ঞ।'

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রা এবং এর কয়েক সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

প্রথমটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার ও দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের আওয়াজ পাচ্ছেন স্বজনরা। কিন্তু তাদের বের করতে না পেরে পরিবারগুলো অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে।

ভূমিকম্প
ছবি: এএফপি

ধ্বংসস্তূপের মধ্যে নিজের ছেলেকে হন্যে হয়ে খুঁজছিলেন আম্পারো দেল গিউদিস। তিনি বলেন, 'এখানে অনেক পাথর জমে আছে। এগুলো খালি হাতে সরানো অসম্ভব।'

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা অন্তত ২০০ জনের বেশি মানুষের খবর পাওয়া গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, জীবিতদের খুঁজে বের করতে অন্তত ১৭ দেশের উদ্ধারকারী দল কাজ শুরু করছে। স্পেন, সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোর উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ওয়াশিংটনের ত্রাণ তৎপরতা তদারকি করতে মার্কিন সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কারাকাসে অবতরণ করেছেন।

ভেনেজুয়েলার উত্তর উপকূল ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমানার ওপর অবস্থিত। তবে ১৯৯৭ সালের পর এখানে বড় ধরনের ভূমিকম্প হয়নি। ওই বছর ভূমিকম্পে ৭৩ জন মারা যান। এছাড়া ১৯৬৭ সালের আরেকটি ভূমিকম্পে ২৩৬ জন প্রাণ হারান।

সবশেষ আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের আগে ১৯০০ সালের ২৯ অক্টোবরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ভেনেজুয়েলায়।