যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা, আবারও তেলের দামে ঊর্ধ্বগতি

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের কৌশলগত বন্দরনগরী আব্বাসে একটি সামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালায় তেহরান।

এ ঘটনার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে।

এর আগে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা দিলে উভয় মানদণ্ডে তেলের দাম ৫ শতাংশ কমে যায়। গত এক মাসে যা ছিল তেলের সর্বনিম্ন দাম।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সমঝোতার কথা নাকচ করে দিলে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।

আজ ইরানের বন্দর নগরী আব্বাসে মার্কিন হামলার জবাবে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) একটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের বন্দর আব্বাসে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ তেল ব্রোকার ও পরামর্শদাতা প্রতিষ্ঠান পিভিএম অয়েল অ্যাসোসিয়েশনের বিশ্লেষক জন ইভানস রয়টার্সকে বলেন, ‘মনে হচ্ছে পাল্টাপাল্টি বিমান হামলাই এখন আলোচনার ভাষা হয়ে উঠেছে।’

‘যতক্ষণ না কোনো চুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, তেলের দাম এভাবেই ওঠানামা করতে থাকবে,’ তিনি আরও বলেন।

তবে বৈশ্বিক তেল মজুত কমতে শুরু করলে বাজারে আবার চাপ বাড়বে বলে জানিয়েছেন ইভানস।