লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ

স্টার অনলাইন ডেস্ক

লেবাননকে অন্তর্ভুক্ত না করা হলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাভি দাবি করেছেন, এই চুক্তির আওতায় হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্টও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘ইসরায়েল যদি চুক্তি মেনে না চলে, তাহলে ইরানসহ পুরো অঞ্চল থেকে পাল্টা প্রতিক্রিয়া আসবে।’

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ বুধবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছে, এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের শহর টাইরের উপকণ্ঠ আব্বাসিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে আগুনের গোলা আকাশে উঠতে দেখা যায়। ছবি: এএফপি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

এদিকে সংঘাত শুরুর পর থেকেই ইরান বারবার বলে আসছে, তারা লেবাননের সঙ্গে একই ফ্রন্টে রয়েছে এবং যেকোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতেই হবে।

ফলে বর্তমান পরিস্থিতিতে লেবাননে অনিশ্চয়তা এখনো কাটেনি এবং পরিস্থিতি যেকোনো সময় নতুন করে উত্তেজনায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।