২-৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে, বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খুব শিগগির সেখান থেকে চলে আসব।’ তিনি আরও যোগ করেন, এই প্রস্থান ‘দুই সপ্তাহ, বড়জোর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই’ হতে পারে।
এই ঘোষণা যুদ্ধের সমাপ্তি নিয়ে এখন পর্যন্ত দেওয়া ট্রাম্পের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত।
এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আমূল বদলে দিয়েছে, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।
ট্রাম্প আরও বলেন যে, এই সংঘাত বন্ধ করার জন্য তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে আসার প্রয়োজন নেই।
সংঘাত নিরসনে সফল কূটনীতি কোনো পূর্বশর্ত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে না। আমার সঙ্গে তাদের কোনো চুক্তি করার দরকার নেই।’
বিপরীতে ট্রাম্প বলেন, এই অভিযান গুটিয়ে নেওয়ার প্রধান শর্ত হলো ইরানকে এমনভাবে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া, যেন অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সক্ষমতাই তাদের না থাকে।
তিনি বলেন, সেটি নিশ্চিত হলেই আমরা সেখান থেকে চলে আসব।